হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে গোপনে মিলবে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হারানো অস্ত্রের সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে নিরাপদে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে র‍্যাব। একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অভিযান সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করে সংবাদ পরিবেশনে সহযোগিতা কামনা করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। র‍্যাব জানিয়েছে, সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করলে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নিরাপদে পুরস্কার দেওয়া হবে।

 

হারানো অস্ত্র সম্পর্কে তথ্য দিতে র‍্যাবের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

 

শুধু ফোনে নয়, এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও গোপনে তথ্য দেওয়া যাবে। প্রয়োজনে হারানো অস্ত্রসংক্রান্ত ছবি পাঠানোর সুযোগও রাখা হয়েছে।

 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হারানো সরকারি অস্ত্রের তথ্য উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতিও অনুরোধ জানিয়েছে র‍্যাব ফোর্সেস।