অনলাইন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে জ্বর, পেটের সংক্রমণ ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। তবে বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বামী অভিনেতা ও প্রযোজক সৌরভ দাস।
দর্শনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এ বিষয়ে সৌরভ দাস বলেন, “তেমন সিরিয়াস কিছু নয়। এখন আগের থেকে অনেকটাই ভালো আছে ও। পেটে ব্যথা হচ্ছিল। এই গরমের কারণেই হয়তো হবে। ডাক্তার দেখাতে গিয়েছিল। তারপরই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়।”
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না দর্শনার। টানা শুটিং ও কাজের চাপের মধ্যেই জ্বর এবং পেটের সংক্রমণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। সাময়িকভাবে জ্বর কমলেও আবার ফিরে আসছিল। পরে পরীক্ষায় তার মূত্রনালিতেও সংক্রমণ ধরা পড়ে।
সৌরভ দাস আরও জানান, “টানা চাপ যাচ্ছিল দর্শনার। বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। হয়তো কোনও ভাবে রোদ লেগেছে। বা হয়তো এমন কিছু খেয়ে ফেলেছিল, যা ওর পেটে সহ্য হয়নি। সম্ভবত এ সব থেকেই অসুস্থ হয়ে পড়েছে।”
চিকিৎসকরা শুধু ওষুধের ওপর না রেখে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শনিবার (২৩ মে) হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বলেও জানিয়েছেন ঘনিষ্ঠরা।
এর মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত নতুন সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘গোর্কির মা’। ক্যামেলিয়া প্রোডাকশনসের এই সিরিজে দর্শনার সঙ্গে অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি ও সৌরভ দাস।
অভিনয় জীবনে অর্ঘদীপ চ্যাটার্জি পরিচালিত ‘জোজো’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু করেন দর্শনা। পরে অরিন্দম শীল পরিচালিত ‘আসছে আবার শবর’ সিনেমায়ও নজর কাড়েন তিনি। বাংলা সিনেমার পাশাপাশি তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ তিনি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। এছাড়া ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান-এর সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন দর্শনা।











