অনলাইন ডেস্ক:
ক্লান্তির কারণে হাসপাতাল থেকে সম্প্রতি ভর্তি ছিলেন ব্রুনেইর সুলতান হাসান আল বলকিয়াহ। কয়েক দিন হাসপাতালে থাকার পর শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুলতান আরও কয়েক দিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেই বিশ্রামে থাকবেন।
গত মঙ্গলবার (২৮ মে) কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি হন ৭৮ বছর বয়সী সুলতান, যিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন শাসক। যদিও তার দপ্তর তখন জানিয়েছিল, তিনি ‘সুস্থ আছেন’।
শনিবার সুলতানের অফিস ইনস্টাগ্রামে জানিয়েছে, তিনি কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট থেকে ছাড়া পেয়ে এখন গ্র্যান্ড হায়াত হোটেলে বিশ্রাম নিচ্ছেন।
দপ্তর থেকে জানানো হয়, সুলতান কিছুদিন বিশ্রামে থাকবেন এবং পরে ব্রুনেই ফিরে যাবেন।
সুলতান হাসানাল বলকিয়াহ সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান নেতাদের এক সম্মেলনে অংশ নিতে কুয়ালালামপুরে এসেছিলেন। তার ক্লান্তির কারণে মালয়েশীয় চিকিৎসকরা তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করেছেন।
ব্রুনেইর প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, সুলতান ক্লান্তি অনুভব করছিলেন এবং চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দেন।
সুলতান হাসানাল ১৯৬৭ সালে ব্রুনেইর সিংহাসনে আরোহণ করেন এবং তার শাসনামলে ব্রুনেই যুক্তরাজ্য থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে। তার শাসনামলে দেশটির জীবনমান বিশ্বের শীর্ষ পর্যায়ে উন্নীত হয়েছে।
তবে তার শাসনামল বিতর্কময়ও বটে। ব্রুনেইতে শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়, যার মধ্যে রয়েছে অঙ্গচ্ছেদ ও পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের মতো শাস্তিও।











