ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বিশ্বে প্রথমবার শুরু হচ্ছে মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি লিগ

প্রকাশিত: 26 November 2026, 4:05 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ক্রিকেটের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। এতদিন আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা টুর্নামেন্ট ও লিগের আয়োজন দেখা গিয়েছে। কিন্তু এবার সেই পুরনো গণ্ডি পেরিয়ে একই মাঠে, একই দলে এবং একে অপরের বিরুদ্ধে কাঁধে-কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে পুরুষ ও নারী ক্রিকেটারদের।

ক্রিকেটে সমতা ও সবাইকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। শুরু হতে চলেছে বিশ্বের প্রথম মিক্সড-জেন্ডার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ, যার নাম দেওয়া হয়েছে ‘ইকুয়াল’।

বুধবার জহির খানের সহ-মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কর স্পোর্টস এবি’ এবং জার্মান ক্রিকেট ফেডারেশনের যৌথ উদ্যোগে এই অভিনব লিগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দলের এই টুর্নামেন্টটি আগামী বছরের আগস্টে জার্মানিতে অনুষ্ঠিত হবে। জার্মানির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় আয়োজিত এই আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে পেশাদার নারী ও পুরুষ ক্রিকেটাররা একই দলে, একই সাথে মাঠে নামবেন।

ইউরোপের মতো উদীয়মান বাজারে ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রসার বাড়াতেই এমন ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জহির খান।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘মানুষকে এক করার ক্ষমতা ক্রিকেটের আছে। বিশেষ করে ইউরোপের মতো উদীয়মান বাজারগুলোতে ক্রিকেটের প্রসার নির্ভর করছে আমরা কতটা ভালোভাবে খেলাটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছি তার ওপর।’

‘ইকুয়াল’-এর মতো উদ্যোগগুলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে খেলায় অংশগ্রহণ করার, অবদান রাখার এবং খেলাটির উন্নতির অংশ হওয়ার সুযোগ করে দেবে বলে যোগ করেন তিনি।

পেশাদার ক্রিকেটে নারী ও পুরুষ খেলোয়াড়দের সমন্বয়ে এমন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন