হৃদয় ছোঁয়া পরিবেশনায় রাহাত ফতেহ আলী খান

অনলাইন ডেস্ক:

জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতের পরিবার এবং আহতদের সহায়তায় ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। গত শনিবার (২২ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টে বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খান।

কনসার্টের শুরু হয় বিকেল ৪টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে। রাত ১০টার দিকে মঞ্চে উঠেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী খান। তাকে স্বাগত জানিয়ে উপস্থিত শ্রোতারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। মঞ্চে উঠে তিনি বাংলায় বলেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।” তার এই কথায় পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

রাহাত ফতেহ আলী খান একে একে গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো, যেমন ‘তু না জানে আস পাস হ্যায় খুদা’, ‘সাজনা তেরা বিনা’, ‘ওরে পিয়া’, ‘জরুরি থা’, ‘মেরে রাশকে কামার’, এবং ‘আফরিন আফরিন’। এ সময় স্টেডিয়াম ছিল পূর্ণ, ভক্তরা সুরের মধুরতায় মুগ্ধ হয়ে গান উপভোগ করেন।

মাঝে রাহাত ফতেহ আলী খান তার ছেলে শাহজামান ফতেহ আলী খানকে মঞ্চে আহ্বান করেন। বাবা-ছেলে একসঙ্গে ‘দমা দম মাস্ত কালান্দা’ পরিবেশন করেন। রাত সাড়ে ১১টায় কিংবদন্তি এই গায়ক তার পরিবেশনা শেষ করেন। পুরো কনসার্টটির উপস্থাপনা করেন জুলহাজ জুবায়ের ও দীপ্তি চৌধুরী।