১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী টার্মিনালটি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। দেশের বিমান চলাচল ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

 

তথ্যমন্ত্রী জানান, দেশের জ্বালানি পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে। বিশ্ববাজারে দাম ওঠানামা করলেও দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। তাঁর ভাষায়, “বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।”

 

গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, দেশে গণমাধ্যম খাতে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুন মাসের মধ্যে কমিটি গঠন এবং জুলাইয়ের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

হাম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের বিস্তার ঘটেছিল, যার প্রভাব এখনো কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

 

এ ছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

 

বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বহুগুণ বাড়বে, যা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সংযোগে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।