১৭ প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকার অনুমোদন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়ন অগ্রাধিকার, অবকাঠামো সম্প্রসারণ এবং চলমান প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির, একনেক বৈঠকে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম এই সভা ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। সরকারি সূত্র বলছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো এই বৈঠকে আলোচনায় আসে।

 

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ একনেক সদস্যরা অংশ নেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ রয়েছে।

 

সরকারি পরিকল্পনা সংশ্লিষ্টরা বলছেন, চলমান অর্থবছরে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের গতি ধরে রাখতে একনেক বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ব্যয় দক্ষতা, সময়মতো প্রকল্প শেষ করা এবং উন্নয়ন কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে এসব সভা নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ।

 

এই বৈঠকে উপস্থাপিত প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন নিয়ে এখন নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা এবং জনগণের প্রত্যাশা পূরণে এসব প্রকল্প কতটা ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।