১৭ বছর কারাভোগের পর মুক্ত আকাশে বিএনপি নেতা পিন্টু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু গ্রেনেড হামলা মামলায় প্রায় ১৭ বছর কারাভোগের পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছেন। বেলা ১১টার পরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তির আগের রাতে সংশ্লিষ্ট কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। সম্প্রতি, হাইকোর্টের রায়ে গ্রেনেড হামলার মামলায় আব্দুস সালাম পিন্টু খালাস পান।

তার মুক্তির মুহূর্তে কারাগারের গেটে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

২০০৮ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর তাকে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান।