অনলাইন ডেস্ক:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করে পাকিস্তান তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে, যা ঘরের মাঠে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টে অংশ নেবে। বিপিএলে দারুণ পারফর্ম করা খুশদিল শাহ, উসমান খান এবং ফাহিম আশরাফকে চূড়ান্ত দলে জায়গা দেওয়া হয়েছে।
এবারের দল ঘোষণায় বড় কোনো চমক না থাকলেও অভিজ্ঞ ক্রিকেটারদের উপরই ভরসা রাখা হয়েছে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজও খেলবে।
পাকিস্তান দলের পেস অ্যাটাক সাজানো হয়েছে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইনের মতো অভিজ্ঞ বোলারদের নিয়ে। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ। উইকেটকিপার হিসেবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছাড়াও ব্যাক-আপ হিসেবে উসমান খান স্কোয়াডে আছেন।
বিপিএলে খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ দারুণ পারফর্ম করেছেন। খুশদিল শাহ ১৭ উইকেট শিকার করেছেন এবং ২৯৮ রান করেছেন, তার স্ট্রাইকরেট ছিল ১৭৫.২৯। উসমান খান বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন, আর ফাহিম আশরাফ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮টি দল অংশ নেবে, যার মধ্যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড রয়েছে ‘এ’ গ্রুপে। পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ১৯ ফেব্রুয়ারি, স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে। এছাড়া পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইতে। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, সালমান আগা, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।











