নিজস্ব প্রতিবেদক :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসক (ডিসি) কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মোখলেস উর রহমান বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। এসব নির্বাচনে যেসব রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, তাদের ভূমিকা ছিল বিতর্কিত। তারা নির্বাচনের সময় সরকারের সহযোগিতায় কাজ করেছেন। নির্বাচনের এমন পরিস্থিতিতে কোন ডিসি প্রতিবাদ করেননি বা দায়িত্ব থেকে সরে যাননি।”
তিনি আরও জানান, “আমরা ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করেছি, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম। আর যারা ২৫ বছরের বেশি সময় চাকরি করেছেন, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।”
সিনিয়র সচিব বলেন, “আজ ২২ জন ডিসি, যারা বর্তমানে সচিব পদে আছেন, তাদের বাধ্যতামূলক অবসরের জন্য আদেশ জারি করা হয়েছে।”











