২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার চল্লিশ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ডাকসুর অংশীজনদের নিয়ে চূড়ান্ত সভা। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিনস কমিটি, প্রভোস্টরা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

অধ্যাপক মারুফুল বলেন, “তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হয়েছে। চল্লিশ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ের ছয়টি নিরপেক্ষ কেন্দ্রে।”

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন হলেও স্বাধীন বাংলাদেশে মাত্র ৮ বার হয়েছে ভোট। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত সাড়ে তিন দশকে ডাকসু নির্বাচন হয়েছে কেবল ২০১৯ সালে, যার মেয়াদ শেষ হয়েছে ছয় বছর আগেই। এর ফলে শিক্ষার্থীদের আর কোনো প্রতিনিধি এখন সিনেটে নেই।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবিতে ছাত্রসমাজের মধ্যে জোর আন্দোলন শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়।