জেলা প্রতিনিধি :
চাঁদপুরে পৌঁছেছেন সাহসী সাঁতারু রফিকুল ইসলাম, দীর্ঘ ৪০০ কিলোমিটার নৌপথ সাঁতরে। তার লক্ষ্য বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছানো। কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা ঝুনকারচর থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং চাঁদপুরে পৌঁছাতে তার সময় লেগেছে ১৯ দিন।
সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা রফিকুল ইসলাম একজন সাহসী ও উদ্যমী সাঁতারু, এবং তার আরেকটি বিশেষ পরিচয় হলো তিনি বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের স্বামী। এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন নিশাত মজুমদার এবং অন্যান্য সদস্যরা।
শনিবার (২২ মার্চ) বিকালে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে পৌঁছালে রফিকুল ইসলামকে স্বাগত জানান চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, বিশ্ব ভ্রমণকারী তানভীর অপুসহ চাঁদপুরবাসী।
রফিকুল ইসলাম জানান, ২১ ফেব্রুয়ারি ভোরে তিনি তার সাঁতার যাত্রা শুরু করেছিলেন, এবং তার উদ্দেশ্য ছিল প্রায় ৫৫০ কিলোমিটার নৌপথ সাঁতরে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছানো। আজ ২২ মার্চ শনিবার তার ১ মাস ১ দিন হয়েছে এবং তিনি ইতোমধ্যে প্রায় ৪০০ কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়েছেন।
তিনি আরও জানান, আজ শনিবার তিনি শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল ৭টায় রওনা করে বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর মোলহেডে পৌঁছান। এ সময় তিনি ২২ কিলোমিটার নদীপথ সাঁতরে এসেছেন এবং বেশ চাঙা ও উদ্যমী অবস্থায় ছিলেন।
রফিকুল ইসলাম রবিবার ভোরে চাঁদপুর থেকে রওনা করবেন ১৫০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মীনি নিশাত মজুমদার, সহযাত্রী ফারুকসহ গ্রেট ডেলটা অভিযাত্রী সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই সাহসী সাঁতারু বলেন, “নদীমাতৃক আমাদের এই দেশ। এখানে অনেক ছোট-বড় নদী রয়েছে। সাঁতার কাটতে কাটতে নদীর পারের সহজ সরল মানুষদের চেনা যায়।” তিনি সকলের দোয়া কামনা করেন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য।











