খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল জানান, গত ১৭ ডিসেম্বর রাতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বর্তমানে গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। চলতি মাসের শেষে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল তার, তবে চিকিৎসকদের পরামর্শে সেটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পরিকল্পনাও আপাতত বন্ধ রাখা হয়েছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত ১৫ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দেন, যেখানে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এটি তার সাত বছর পর প্রথম রাজনৈতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় অংশ নেওয়ার পর এটি তার প্রথম রাজনৈতিক কর্মসূচি ছিল।

এছাড়া, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দি হওয়ার পর খালেদা জিয়া গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বর্তমানে তিনি লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের নানা জটিলতার সাথে লড়াই করছেন।