ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মাদারীপুরে মসজিদে ঢুকে তিনজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. হোসেন সরদার গ্রেপ্তার

প্রকাশিত: 13 March 2025, 3:30 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মসজিদে ঢুকে আপন দুই সহদর ও চাচাতো ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। একই মামলায় শরীয়তপুর থেকে আরও একজন আসামি সুমন সরদার (৩৩) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় র‍্যাব-৮-এর সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকান্ড ঘটে। স্থানীয় সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তিনজনকে হত্যা করে। প্রাণ বাঁচাতে তারা মসজিদে আশ্রয় নিলে, সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন সাইফুল সরদার (৩৩), আতাউর সরদার (৩৫) এবং তাদের চাচাতো ভাই পলাশ সরদার (১৮)। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় এজাহারভুক্ত ৪৯ জনসহ ৮০-৯০ জন হামলায় অংশ নেয়। হামলাকারীরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-৮ তাদের অবস্থান শনাক্ত করে এবং পরে র‍্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আরেক আসামি সুমন সরদারকে শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা (মামলা নম্বর-১৪) দায়ের করা হয়েছে। সুমন সরদারকে ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে, এবং প্রধান আসামি মো. হোসেন সরদারকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন