অনলাইন ডেস্ক:
চীনের বিজ্ঞানীরা পরমাণুর স্তরযুক্ত একটি অত্যন্ত সূক্ষ্ম ধাতু তৈরিতে সফল হয়েছেন, যার পুরুত্ব মানুষের চুলের ব্যাসের দুই লাখ গুণের এক ভাগ মাত্র। এই সাফল্য দ্বিমাত্রিক (টু-ডি) ধাতু গবেষণায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা ভবিষ্যতে নতুন প্রযুক্তিগত উদ্ভাবনকে উত্সাহিত করবে।
এই গবেষণাটি চায়না একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ফিজিকসের একটি দল পরিচালিত করেছে এবং এর ফলাফল সম্প্রতি নেচার একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকরা ভ্যান ডার ওয়ালস স্কুইজিং মেথড নামে একটি বিশেষ পরমাণু পর্যায়ের উৎপাদন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন দ্বিমাত্রিক ধাতু তৈরি করেছেন, যার মধ্যে বিসমাথ, টিন, সিসা, ইন্ডিয়াম এবং গ্যালিয়াম অন্তর্ভুক্ত।
গবেষণাদলের সদস্য চাং কুয়াংইউ জানিয়েছেন, “দ্বিমাত্রিক ধাতুগুলোর পুরুত্ব একটি পাতলা কাগজের ১০ লাখ ভাগের ১ ভাগ। যদি ৩ মিটার দীর্ঘ একটি ধাতব ঘনককে এ ধরনের একক-পরমাণু স্তরে নিয়ে যাওয়া যায়, তবে সেটা দিয়ে গোটা বেইজিংয়ের ওপর চাদর বিছিয়ে দেওয়া যাবে।”
২০০৪ সালে একক-স্তরের গ্রাফিন আবিষ্কারের পর থেকে, দ্বিমাত্রিক উপাদানগুলো পদার্থবিজ্ঞানের গবেষণায় বিপ্লব ঘটিয়েছে। গত ২০ বছরে এ ধরনের উপাদানের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চীনা বিজ্ঞানীরা এই গবেষণার মাধ্যমে আরও অনেক নতুন উদ্ভাবনের সম্ভাবনা সৃষ্টি করতে পারবে, বিশেষ করে অত্যন্ত সূক্ষ্ম ট্রানজিস্টর, উচ্চ-ফ্রিকোয়েন্সি ডিভাইস, স্বচ্ছ ডিসপ্লে এবং উচ্চ কার্যকর ক্যাটালাইসিসে।
গবেষকরা আশাবাদী, যে এই ধরনের দ্বিমাত্রিক ধাতু ভবিষ্যতে প্রযুক্তি ও উপাদান বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করবে, ঠিক যেমন তাম্র, ব্রোঞ্জ ও লৌহ যুগ সভ্যতার বিকাশে ভূমিকা রেখেছিল।
সূত্র: সিনহুয়া











