মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত গ্রেপ্তার
জেলা প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মুসলিম পাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান (৩১) এবং লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের শেখ বাড়ির তছির আহম্মদের ছেলে মো. ইউসুফ ওরফে কালা (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম আল সুলতানের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির চারটি মামলা রয়েছে। অপরদিকে, ইউসুফের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরে চুরি, ডাকাতিসহ অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে।
আটকদের কাছ থেকে একটি কোরাবারী, দুটি ঘরের দরজা ভাঙার যন্ত্র, একটি ধামা, একটি চাকু, একটি চাপাতি ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আগের মামলাগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনৈক মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসতঘরে প্রবেশ করে ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় মঞ্জুর ইসলাম থানায় অভিযোগ দাখিল করলে পুলিশের তদন্তে এই ডাকাত দলের সংশ্লিষ্টতা উঠে আসে।
পুলিশ সুপার আরও বলেন, “ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”
মাটিরাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
