নিজস্ব প্রতিবেদক:
রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাশিয়া থেকে গম ও সার আমদানি করবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের রিসোর্ট শহর বোয়াওতে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং রাশিয়া থেকে গম ও সার আমদানি ছাড়াও বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাজপ্রমের কার্যক্রম পরিচালনার আগ্রহ নিয়ে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় একটি ব্যাংক হিসাবের মাধ্যমে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আর্থিক সমস্যাগুলো সমাধান করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, চলতি বছরের শেষদিকে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।
অপরদিকে, আলেক্সি ওভারচুক দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং রাশিয়ায় আরও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, রাশিয়া বাংলাদেশে আরও বেশি সার ও গম রপ্তানি করতে আগ্রহী।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।










