গ্যারি স্টিড সরে দাঁড়ালেন কিউইদের সাদা বলের কোচিং থেকে

অনলাইন ডেস্ক:

নিউজিল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না গ্যারি স্টিড। গতকাল মঙ্গলবার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তবে টেস্ট ক্রিকেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্টিড, এবং এক মাসের মধ্যে তিনি এ বিষয়ে জানাবেন।

২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হয়ে গ্যারি স্টিড নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের কোচ হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে কিউইদের সফলতা নিশ্চিত করার পর অবশেষে তিনি কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্টিড বলেন, “গত ছয়-সাত মাসে আমরা প্রায় নিরবচ্ছিন্নভাবে ক্রিকেট খেলেছি, সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত। আমার লক্ষ্য ছিল কম অভিজ্ঞতাসম্পন্ন একটি দলের সঙ্গে ভালোভাবে মৌসুম শেষ করা। এখন আমি আমার ভবিষ্যৎ বিকল্পগুলো বিবেচনা করতে চাই। আমি মনে করি, আমার কোচ হিসেবে আরও কিছু দেওয়ার আছে, তবে সব ফরম্যাটের প্রধান কোচ হিসেবে নয়।”

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানায়, আগামী সপ্তাহে কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে, তবে একক কোচ বা বিভক্ত কোচিং কাঠামো নিয়োগ করা হবে কিনা তা স্পষ্ট নয়।

গ্যারি স্টিডের অধীনে নিউজিল্যান্ড ২০১৯ বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছেছে। তার সবচেয়ে বড় সাফল্য ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা জয়।

এনজেডসি-র হাই পারফরম্যান্স কর্মকর্তা ব্রায়ান স্ট্রোনাচ বলেন, “গ্যারির পারফরম্যান্স দীর্ঘ সময় ধরে প্রশংসনীয় ছিল। তিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য সময় চাচ্ছেন, এতে আমরা সন্তুষ্ট।”

স্টিডের বর্তমান চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হবে। নতুন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ফের আবেদন করবেন কিনা, তা এখনও জানাননি তিনি।