অনলাইন ডেস্ক:
হিন্দি সিনেমার দুই আইকনিক ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-এর সিক্যুয়েল আসছে। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া সম্প্রতি এই সুখবর দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি ডকুমেন্টারি ছবির প্রচারে গিয়ে বিধু বিনোদ চোপড়া তার নতুন ছবির পরিকল্পনা নিয়ে এ কথা বলেন।
তিনি জানান, “আমি ‘টু ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই থ্রি’ দুটো ছবিই লিখছি। এছাড়া আমি বাচ্চাদের জন্য একটি ছবি বানানোর চেষ্টা করছি, যদিও তার নাম এখনও ঠিক হয়নি। তাছাড়া, আমি একটি হরর কমেডি লিখছি, যা দারুণ ইন্টারেস্টিং হবে।” তিনি আরও বলেন, “প্রথমে আমরা ১ থেকে ২ বছর ধরে লিখব, এরপর সেগুলো থেকে ছবি বানানো হবে। আশা করি, ‘টু ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই থ্রি’ শীঘ্রই আসবে।”
উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলো পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, আর প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। ‘মুন্নাভাই’ চরিত্রে সঞ্জয় দত্তকে এবং ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর মাধবন ও শর্মন যোশীকে দেখা গিয়েছিল।
এই তিনটি ছবি বক্স অফিসে সফল ছিলই না, পাশাপাশি সারা বিশ্বে আইকনিক সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল নতুন সিক্যুয়েলের খবর, তবে এবার ছবির প্রযোজক নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফলে, নতুন সিক্যুয়েলের খবর শুনে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।











