রাজপথ না ছাড়ার নির্দেশ দিলেন ইশরাক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ ইস্যুতে রাজপথে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন:

“নির্দেশ একটাই— যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”

এর আগে সকাল থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন, কাকরাইল মসজিদ ও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিতে শুরু করেন। অন্যদিকে, আরেকটি অংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনেও জড়ো হয়।

এই কর্মসূচির ফলে মৎস্য ভবন ও নগর ভবনের সামনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিসগামী লোকজন ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ঢাকায় অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। ইশরাক হোসেন সেই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফল বাতিল চেয়ে তিনি উচ্চ আদালতে রিট করেন, যার শুনানি চলছে।