অনলাইন ডেস্ক:
গত সপ্তাহে একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য উত্তর কোরিয়া তিনজনকে আটক করেছে। গতকাল রোববার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পিয়ংইয়ং জানিয়েছে, গত বুধবার পূর্ব বন্দর শহর চোংজিনে নবনির্মিত ৫ হাজার টনের একটি নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটে’। দুর্ঘটনার ফলে জাহাজের নীচের অংশ ভেঙে পড়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই দুর্ঘটনাকে ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, আটককৃতরা হলেন চংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী কাং জং চোল, জাহাজের নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক এবং প্রশাসনিক বিষয়ক উপ-ব্যবস্থাপক কিম ইয়ং হাক। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, তিনজনই ‘দুর্ঘটনার জন্য দায়ী’। গত শুক্রবার, কেসিএনএ জানিয়েছে, শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হোকে আইন প্রয়োগকারী সংস্থা তলব করেছে।











