সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন (৭৮) জ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে জানা গেছে, ক্লিনটনের কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ক্লিনটনের সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, “প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে আজ বিকেলে তাকে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তার মনোবল চাঙা রয়েছে। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং ক্রিসমাসে বাড়ি ফিরতে পারবেন।”

এছাড়া, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, সাবেক প্রেসিডেন্টের অন্যান্য শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তার ভ্রমণের জন্য কোনো ঝুঁকি নেই। ক্লিনটনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে দ্রুত ছেড়ে দেওয়া হবে।

বিল ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।