নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) ঋণ অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে পদ্মা ব্যাংক পিএলসিকে একীভূত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
এ বিষয়ে সোমবার (২৩ ডিসেম্বর) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ এক সভায় সিদ্ধান্ত নেয়, যা আজ (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঘোষণা করা হয়।
চলতি বছরের শুরুতে দুর্বল ব্যাংকগুলো একীভূত করতে বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ গ্রহণ করেছিল, যার আওতায় এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। একীভূতকরণের জন্য নীতিমালা জারি করা হয়েছিল।
গত ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয় এবং ১৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। তবে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এক্সিম ব্যাংক ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।











