অনলাইন ডেস্ক:
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের জন্য বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তির পর একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। সর্বশেষ, পুলিশকে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তেলঙ্গানার মেডিপাল্লি থানায় কংগ্রেস নেতা থেনমার মাল্লান্না আল্লু অর্জুন, ‘পুষ্পা ২’ সিনেমার পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার দাবি, সিনেমায় পুলিশের সম্মানহানি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সিনেমার একটি দৃশ্যে এক পুলিশ কর্মকর্তার সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন আল্লু অর্জুন, যা সমগ্র পুলিশ বাহিনীকে অপমানিত করেছে। কংগ্রেস নেতা তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এছাড়া, ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং তার আট বছরের ছেলের গুরুতর আহত হওয়ার ঘটনায় আল্লু অর্জুন অস্বস্তিতে রয়েছেন। গত ৪ ডিসেম্বর প্রিমিয়ারের সময় ঘটে এই দুর্ঘটনায়। পুলিশ এ ঘটনায় এফআইআর দায়ের করেছে, এবং গত সোমবার হায়দরাবাদ পুলিশের একটি দল আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে নোটিস প্রদান করে। মঙ্গলবার তাকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে বলা হয়।
এদিকে, ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেফতার করে পুলিশ। সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর, নীচ আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তবে, তেলঙ্গানা হাইকোর্টে তিনি জামিন আবেদন করেন এবং ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়, যার মেয়াদ চার সপ্তাহ।











