ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এই ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে যেসব নাটক

প্রকাশিত: 13 June 2025, 9:25 pm আপডেট: 14 June 2025, 12:28 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ঈদে বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে নাটক দেখেন দর্শক। ঈদের সবচেয়ে আলোচিত নাটক ছিল ‘আশিকি’। সিএমভি’র ইউটিউব চ্যানেলে এটি গত রোববার রাতে প্রকাশ পেয়েছে। যা এরই মধ্যে উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে। ইতোমধ্যে নাটকটি মুক্তি তিন দিনের মাথায় অতিক্রম করেছে ৫০ লাখ ভিউ-এর ঘর। ১৩ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে ইউটিউব লিঙ্কের নিচে।

এ নাটকে জোভানকে দেখা যাচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলে আশিক চরিত্রে। তাঁর বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই। এই জেস চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। নাটকের গল্পে রয়েছে জটিল সব বাঁক। রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন। রয়েছে দুটি গানও। সব মিলিয়ে এবারের ঈদে ‘আশিকি’ যেন মেলো-ড্রামাটিক এক সিনেমার স্বাদ নিয়ে হাজির হয়েছে ইউটিউব পর্দায়। ‘আশিকি’ প্রসঙ্গে এর নির্মাতা জানান, নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও রয়েছে।

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘‘আশিকি’ নাটকটি প্রকাশের পর থেকে দর্শক-সমালোচকদের পক্ষ থেকে যে সাড়া ও প্রতিক্রিয়া পাচ্ছি, সেটি সচরাচর মেলে না। দর্শকরা নাটকটি দেখার পর যে মন্তব্যগুলো করছেন, সেসব পড়লে এমন ভালো কাজ আরও করার আগ্রহ জন্মায়। ধন্যবাদ জানাই পুরো ‘আশিকি’ টিমের প্রতি। কারণ, নাটকটির এই সফলতার পেছনে মূল কারিগর তারাই।’’ ‘আশিকি’ নির্মাণ করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।

সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ হওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’ নাটকটিও দর্শক প্রশংসা পেয়েছে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো দর্শকদের সামনে হাজির হয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি ১৪ ঘণ্টায় দশ লাখেরও বেশি দর্শক দেখেছেন। নাটকটিতে সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন মায়ের ভালোবাসা সব পরিমাপের ঊর্ধ্বে। কোনো কিছু দিয়েই এই ঋণের শোধ হয় না। কেননা, পৃথিবীর সবচেয়ে অমূল্য এই উপহারের যোগ্য কোনো প্রতিদান নেই। এটিও দেখানো হয়েছে নাটকে। এমনি আবেগঘন গল্পকে আরও গভীরতা এনে দিয়েছে আরেফিন রুমির একটি গান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন রুমি নিজেই। গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। নাটকটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমূখ।

এ ছাড়াও ঈদে ইউটিউবে প্রকাশ হওয়া সকাল আহমেদের ‘চিফ গেস্ট’, তোমার জন্য ভালোবাসা’, মাসরিকুল আলমের ‘ঘ্রান’, মিতুল খানের ‘কোটিপতি চেয়ারম্যান’, কে এম সোহাগ রানার ‘চাঁদের হাট-২’, জাকারিয়া সৌখিনের ‘প্রিয় প্রজাপতি’, সাজিন আহমেদ বাবুর ‘অশিক্ষিত এমডি’-সহ আরও কয়েকটি নাটকও আছে ট্রেন্ডিংয়ে।

মন্তব্য করুন