তৃতীয় সংসারেরও ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি
অনলাইন ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার স্বামী মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের সংসার ভেঙে দুজনেই এখন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে এই বিচ্ছেদের খবরটি জানান ন্যান্সি। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।
পোস্টে ন্যান্সি আরও যোগ করেন, বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা এই পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি।
তাদের ভবিষ্যৎ ও বর্তমান পরিস্থিতি নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই গায়িকা। একই সঙ্গে এই কঠিন সময়ে সবার সহযোগিতা, সম্মান এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে ন্যান্সি লিখেছেন, জীবন নিজস্ব গতিতে এগিয়ে চলে। নতুন এই অধ্যায় শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে শুরু করতে চাই। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
খোঁজ নিয়ে জানা যায়, গানের সূত্র ধরেই সংগীতশিল্পী ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব গড়ে উঠেছিল। একপর্যায়ে সেই বন্ধুত্বের সম্পর্ক গড়ায় ভালোবাসায়। পরবর্তীতে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। উল্লেখ্য, মহসিন মেহেদীর সঙ্গে গড়ার এই সংসারটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। পরবর্তীতে ২০১২ সালে তাদের সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি, তবে সেই সংসারও টেকেনি।
দাম্পত্য জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মহসিন মেহেদীর হাত ধরে নতুন করে সংসার শুরু করেছিলেন ন্যান্সি। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কেরও ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি।
