গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭২
অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর বিমান ও স্থল হামলায় আরও অন্তত ৭২ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সারা রাত ধরে চালানো এসব হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের মুওয়াসি এলাকার একটি শরণার্থী শিবিরে তাঁবুতে হামলায় এক পরিবারের পাঁচ সদস্য, যার মধ্যে তিনজন শিশু, নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন স্টেডিয়ামের কাছে আশ্রয় নেওয়া গৃহহীনদের মধ্যেও ১২ জনের মৃত্যু হয়েছে।
একই দিনে গাজার পূর্বাঞ্চলে একটি রাস্তায় হামলায় ১১ জন এবং বুরেইজ শরণার্থী শিবিরের প্রবেশপথে হামলায় আরও দুজন নিহত হন।
এদিকে, দীর্ঘ ২১ মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই একটি চুক্তি হতে পারে।
তবে গাজায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। ইসরায়েলি অবরোধে খাদ্য সংকটে পড়া ফিলিস্তিনিরা জীবন ঝুঁকি নিয়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, খাদ্য বিতরণ শুরুর পর থেকে কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রচেষ্টা থাকলেও ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ প্রবেশে জটিলতা ও নিরাপত্তা হুমকি দেখা দিচ্ছে। শনিবারও গাজার নেটজারিম করিডোরে ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলিবর্ষণে নিহত হন আরও দুজন।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও নেতানিয়াহু সরকারের কট্টর ডানপন্থি অংশ এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে। হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমেই তারা বাকি জিম্মিদের মুক্তি দেবে।
