নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, তা সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ না করার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যদি আদালত বা সরকার দলটিকে নিষিদ্ধ না করে, তবে নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, “যেহেতু আওয়ামী লীগ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, তাই সরকারের পক্ষ থেকে বা আদালতের নিষেধাজ্ঞা না থাকলে দলটির নির্বাচনে অংশ নেওয়ার কোনো বাধা নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে কমিশন সম্পূর্ণ বদ্ধপরিকর।”

নাসির উদ্দিন আরও বলেন, “বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক চাপ আমাদের ওপর নেই। এখন আমরা শুধু আমাদের বিবেকের ওপর নির্ভর করছি। দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব, আবার খারাপ নির্বাচনও সম্ভব।”

এদিকে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিশেষত, গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা দাবী করছেন যে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার। তাদের মতে, “জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার কথা”।