নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের সফল বাস্তবায়নের প্রধান ও মৌলিক দায়িত্ব রাজনৈতিক নেতাদের ওপর বর্তায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এনসিসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্বের সংলাপের ২৩তম দিনের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রধান দায়িত্ব রাজনৈতিক নেতাদের। আমরা বিশ্বাস করি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নের পথ তারা তৈরি করতে সক্ষম হবেন। কমিশন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের ভূমিকা পালন করবে।’
তিনি আরও জানান, প্রয়োজনে সনদের বাস্তবায়ন কাঠামো নির্ধারণে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। দ্বিতীয় পর্বের সংলাপে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল বিধান নিয়োগ প্রক্রিয়া এবং আগের আলোচিত বিষয়ে আলোচনা চলছে।
আলী রীয়াজ বলেন, ‘আমরা প্রথম পর্বের সংলাপে প্রায় ১৩টি বিষয়ে ঐকমত্য গড়েছি। কোথাও নোট অব ডিসেন্টের সুযোগ ছিল, যা এখনও রয়ে গেছে। আজকের আলোচনায় যেকোনো ভিন্নমত রেজিস্টার করার সুযোগ থাকবে।’
তিনি আরও জানান, সনদের চূড়ান্ত টেক্সট তৈরির জন্য ইতোমধ্যে সংশোধনমূলক মতামত গ্রহণ করা হয়েছে এবং আজকের আলোচনার পর চূড়ান্ত তালিকা তৈরি করে তা সকলকে জানানো হবে। সকল পক্ষের স্বাক্ষর নিশ্চিত করা কমিশনের আজকের মূল লক্ষ্য।
গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করেন এনসিসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুগুলোতে জাতীয় সমন্বয় গঠনের দায়িত্ব পালন করছে। প্রথম দফার সংলাপে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করা হয়।











