ইথিওপিয়ায় ট্রাক নদীতে পড়ে নিহত অন্তত ৭১ জন

অনলাইন ডেস্ক:

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের সিদামা অঞ্চলে একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং তিনজন নারী। এ ঘটনায় আহত ব্যক্তিদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

সিদামা রাজ্য সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন জানিয়েছেন, গত রোববার রাতে বোনা জেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি সেতুর পথে না গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে রাস্তার বাঁকগুলো খুব ঝুঁকিপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনার সময় ট্রাকটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল। যাত্রীদের বেশিরভাগই একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, যদিও রাষ্ট্রায়ত্ত ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে, আরোহীরা একটি বিয়েতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রতিবেদনে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার ফলে অনেক পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছে।

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। দুর্বল ড্রাইভিং মান এবং যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম কারণ। এর আগে ২০১৮ সালে উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি বাস গিরিসঙ্কটে পড়ে ৩৮ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা ও যানবাহনের রক্ষণাবেক্ষণের মান উন্নত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।