অনলাইন ডেস্ক:
বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এ চিকিৎসা দেয়া হচ্ছে।
অঞ্জনা রহমানের ছেলে নিশাত মণি গণমাধ্যমকে জানিয়েছেন, তার মায়ের অবস্থা খুবই সংকটাপন্ন এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, ১৫ দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার, এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে, তবে চিকিৎসার পরও তার অবস্থা উন্নতি হয়নি।
নিশাত মণি আরও জানান, তার মা নিজের অসুস্থতার কথা কাউকে জানাতে চাননি, কারণ তিনি ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং অন্যদের দুশ্চিন্তায় ফেলতে চাননি।
অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্র জগতে আগমন ঘটান নৃত্যশিল্পী হিসেবে, এরপর বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে পা রাখেন। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। পরবর্তীতে তিনি নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে তার অভিনয়।
অঞ্জনা রহমান শুধুমাত্র চলচ্চিত্র শিল্পে নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য। ২০১৭ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার নির্বাচনী প্রচারণায়ও তাকে দেখা যায়।
অঞ্জনা রহমানের দ্রুত সুস্থতা কামনা করছেন তার অনুরাগীরা।











