অনলাইন ডেস্ক:
তথ্যপ্রযুক্তির অপব্যবহারে দিন দিন হুমকির মুখে পড়ছে দেশের নারী ও বিনোদন অঙ্গন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নারীদের ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এক ফেসবুক পোস্টে মেহজাবীন জানান, “প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি কোণে পৌঁছে গেছে। আমরা অনেকেই এর সুফল নিয়ে আশাবাদী, কিন্তু এর অন্ধকার দিকটাও উপেক্ষা করার সুযোগ নেই।” তিনি বলেন, “এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু ভুল মানুষের হাতে এটি হয়ে উঠছে এক ভয়ংকর অস্ত্র। অনেকেই এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে, যা ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে।”

এই ধরণের ভুয়া কনটেন্ট দেখে অনেকেই বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে—যা একপ্রকার মানসিক সহিংসতায় রূপ নিচ্ছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, “এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন অনেক মানুষ রয়েছে যারা সারাদিন ধরে এসব করে বেড়ায়—ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক নয়, একেবারে অপরাধ।”
মেহজাবীন এ ধরণের কর্মকান্ডকে ‘ডিজিটাল সহিংসতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করতে হবে। আমাদের দরকার কঠোর আইন, শক্ত প্রতিরোধ ও ব্যাপক জনসচেতনতা।”
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা নারীসহ সবার জন্য একটি নিরাপদ ও সম্মানজনক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করবে।”











