নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতির শপথ গ্রহণে স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির শপথ পড়ানো সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে, রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রে স্পিকার নাকি প্রধান বিচারপতি, এ নিয়ে আদালতকে আইনি পরামর্শ দিতে ৭ জন বিশিষ্ট আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে হাইকোর্ট। তাঁরা হলেন—
জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এই রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।
উল্লেখ্য, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী রাষ্ট্রপতির শপথ গ্রহণে ১৯৭২ সালের সংবিধানের মূল বিধান অনুযায়ী প্রধান বিচারপতির মাধ্যমে শপথ পাঠ করানোর নির্দেশনা চেয়ে গত ১০ মার্চ রিট দায়ের করেন। পরদিন ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ‘প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকার শপথ পাঠ করাবেন’—এই বিধানকে সংবিধানবিরোধী ও বাতিল ঘোষণা করা হবে না।
রুলে আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।











