গ্রিনহাউস গ্যাস নির্গমণের ধীর হ্রাসে জার্মানিতে উদ্বেগ

অনলাইন ডেস্ক:

২০২৪ সালে জার্মানিতে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমেছে, তবে পূর্ববর্তী বছরের তুলনায় এ হ্রাসের গতি উল্লেখযোগ্যভাবে ধীর। গতকাল প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে, শিল্প এবং গৃহস্থালিতে সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে এই ধীরগতি দেখা দিয়েছে।

জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা আগোরা এনার্জিওয়েন্ড জানিয়েছে, ২০২৩ সালে জার্মানির গ্রিনহাউস গ্যাস নির্গমন ১০ শতাংশ হ্রাস পায়। কিন্তু ২০২৪ সালে এই হার ছিল মাত্র ৩ শতাংশ। সংস্থাটি একে “উল্লেখযোগ্য ধীরগতি” হিসেবে বর্ণনা করেছে।

গবেষণায় বলা হয়েছে, জার্মানির শিল্প খাতে সবুজ প্রযুক্তি গ্রহণ এবং ব্যক্তিগত পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিনিয়োগের অভাবের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি। পরিবেশ সুরক্ষার এই ধীরগতির প্রভাব দীর্ঘমেয়াদে আরও জটিলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষতা অর্জনের পরিকল্পনা করেছে। এর আগে, ২০৪০ সালের মধ্যে ১৯৯০ সালের তুলনায় নেট গ্রিনহাউস গ্যাস নির্গমন ৯০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এই লক্ষ্য অর্জনে সুস্পষ্ট পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

জার্মানির সরকার এবং পরিবেশবিদরা গ্রিনহাউস গ্যাস নির্গমনের এই ধীর হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সবুজ বিনিয়োগে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, শিল্প এবং ব্যক্তিগত পর্যায়ে সবুজ প্রযুক্তি ব্যবহারের উন্নয়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

জলবায়ু সুরক্ষায় ইউরোপের বৃহত্তম অর্থনীতির এই ধীরগতি বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সূত্র: এএফপি, আগোরা এনার্জিওয়েন্ড