ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গাজীপুরে রাসায়নিক গুদামে আগুন: মালিকদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: 28 September 2025, 11:34 pm আপডেট: 29 September 2025, 10:36 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামের রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল রোববার ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রাসায়নিক গুদামটির মালিকানায় থাকা চারজনসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনেকে আসামি করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)। এছাড়া অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এর আগে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পাশর্^বর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারের (২৪) মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সাহারা মার্কেট এলাকায় ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। পরে প্রায় ১৪ ঘণ্টাব্যাপী চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ঘটনার সাতদিন পর গতকাল রোববার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

তবে এ ঘটনার পর গুদামটির মালিকানায় থাকা ওই চারজন পলাতক রয়েছেন। আগুন লাগার সাতদিন পরেও ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘটনাস্থলে ১০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। টঙ্গী সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, রোববার গুদামের চারজন মালিককে আসামি করে থানায় মামলা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মন্তব্য করুন