মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরে একটি প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টা ৪ মিনিটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি স্কুলটির সামনে আসে। তারা পরপর দুটি পেট্রোল বোমা স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে এবং মুহূর্তের মধ্যে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেল এসে স্কুলের সামনে থেমে একটি রাউন্ড দেয়। এদের মধ্যে দুই চালকের মাথায় হেলমেট এবং বাকিদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে আগুন জ্বালিয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এরপর সবাই দ্রুত স্থান ত্যাগ করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্কুলটিকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঘটনার কারণ ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।