আয়কর মামলায় ঐশ্বরিয়া রায়ের বড় জয়

অনলাইন ডেস্ক :

হেরে যাওয়ার পাত্রী নন ঐশ্বরিয়া রায় বচ্চন—সেটি প্রমাণ করলেন আবারও। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ হোক, বলিউডের অভিনয় জগৎ কিংবা আইনি লড়াই—প্রতিটি ক্ষেত্রেই নিজের জয়ধ্বজা উড়িয়েছেন তিনি। এবার আয়কর দপ্তরের সঙ্গে দীর্ঘদিনের আইনি বিবাদে জয় পেলেন এই বলিউড সুপারস্টার।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আয়কর দপ্তরের সঙ্গে প্রায় ৪ কোটি রুপির বিরোধে শেষ পর্যন্ত ঐশ্বরিয়ার পক্ষে রায় দিয়েছে মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল (আইটিএটি)। ট্রাইব্যুনাল আয়কর দপ্তরের উত্থাপিত আপত্তি খারিজ করে দেয়, ফলে বড় স্বস্তি মেলে সাবেক এই বিশ্বসুন্দরীর জন্য।

ঘটনার সূত্রপাত হয় ২০২৩–২৪ অর্থবছরের ইনকাম ট্যাক্স ফাইলিংকে ঘিরে। আয়কর দপ্তরের এক প্রতিবেদনে কিছু অসঙ্গতি উল্লেখ করা হলে ঐশ্বরিয়া তা চ্যালেঞ্জ করেন। পরে আইটিএটি তাঁর দাবির যথার্থতা স্বীকার করে রায় দেন তাঁর পক্ষে।

এই রায়ের মধ্য দিয়ে ঐশ্বরিয়া আবারও প্রমাণ করলেন—চাপ, বিতর্ক বা আইনি জটিলতা, কোনো কিছুই তাঁর আত্মবিশ্বাস ও ন্যায়ের পথে লড়াইকে দমিয়ে রাখতে পারে না।