জেলা প্রতিনিধি:
রাজশাহীতে এক বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। আহত তাসমিন নাহারকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, সুমনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। তার মা বর্তমানে চিকিৎসাধীন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।











