অনলাইন ডেস্ক :
বলিউড তারকা কাজলের বৈবাহিক সম্পর্ক নিয়ে করা এক মন্তব্যে উত্তাল হয়েছে সামাজিক মাধ্যম। সম্প্রতি এক টকশোতে বিয়ের সম্পর্কেও ‘এক্সপায়ার ডেট’ থাকা উচিত— এমন মন্তব্য করার পরই তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
অ্যামাজন প্রাইমের টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’–এর বিশেষ এক পর্বে সঞ্চালক টুইঙ্কেল খান্না অতিথিদের প্রশ্ন করেন— বিয়ের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত কি না, কিংবা রিনিউয়ালের ব্যবস্থা কি প্রয়োজন? অতিথি অভিনেতা ভিকি কৌশল, কৃতি শ্যানন এবং নিজে টুইঙ্কেল— তিনজনই এই ধারণার বিরোধিতা করলেও কাজল ভিন্নমত পোষণ করেন।
কাজল বলেন, “অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। আর আমার মনে হয় দাম্পত্যে একটি এক্সপায়ার ডেট থাকা আরও জরুরি।”
এ সময় টুইঙ্কেল খান্না মজা করে মন্তব্য করেন, “বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।” উত্তরে কাজল বলেন, “সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে— এর গ্যারান্টি কোথায়? তাই রিনিউয়াল বা মেয়াদ নির্ধারণ থাকলে কেউই সে সম্পর্কে ভুগবে না।”
তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি স্বামী অজয় দেবগনের সাথে তার দীর্ঘ দাম্পত্যে কোনো সমস্যা আছে? যদিও এ বিষয়ে কাজল বা অজয় দেবগনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।











