অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পরপর ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮’–এর সিক্যুয়াল থেকে বাদ পড়তে হয়েছে। প্রথম ছবিটি থেকে বিদায় নেওয়ার পরই শুরু হয় জোর বিতর্ক। এরপর সামনে আসে তাঁর ৮ ঘণ্টার কর্মঘণ্টা অনুসরণের দাবি—যা নিয়ে আলোচনার ঝড় ওঠে আরও বেশি, বিশেষ করে ‘কল্কি’ সিক্যুয়াল থেকেও বাদ পড়ার পর। বিষয়টি এখনো চলচ্চিত্রপাড়ায় তুমুল আলোচনায়।
সম্প্রতি হার্পারস বাজার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকা খুলে বলেন, কেন তিনি ৮ ঘণ্টার কর্মসময়ের কথা তুলেছিলেন এবং কেন নিজের অবস্থান থেকে সরে আসেননি। অভিনেত্রীর মতে, এটি শুধু তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং শিল্পের সবারই এগিয়ে আসা প্রয়োজন।
দীপিকা বলেন, “মাতৃত্ব আমার জীবনে সব বদলে দিয়েছে। মা হওয়ার অভিজ্ঞতা না থাকলে বোঝা যায় না কতটা কঠিন এটি। কাজ এবং মাতৃত্ব একসঙ্গে সামলানো বাস্তবে অত্যন্ত কঠিন। নতুন মায়েদের কাজে ফিরে আসার সময় আরও বেশি সমর্থন করা উচিত।”
অভিনেত্রী জানান, অতিরিক্ত কাজ করাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রবণতা ভুল। “আমরা ক্লান্তিকে প্রতিশ্রুতি ভেবে ভুল করি। কিন্তু শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দিনে আট ঘণ্টা কাজ যথেষ্ট। আপনি সুস্থ না থাকলে সেরাটা দিতে পারবেন না,” মন্তব্য দীপিকার।
তিনি আরও জানান, তাঁর নিজস্ব অফিসেও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মাত্র আট ঘণ্টা কাজের নিয়ম আছে। পিতৃত্ব ও মাতৃত্ব—উভয়কেই সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভারতে কর্মক্ষেত্রে শিশুদের নিয়ে আসা স্বাভাবিক করে তোলা উচিত।”
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে মেয়ে দুয়াকে জন্ম দেওয়ার পর কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন দীপিকা। কাজে ফেরার পর একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। যদিও পরপর দুই ছবিতে সুযোগ হারালেও বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি কুমারের পরিচালনায় AA22 x A6-তেও কাজ করবেন তিনি।











