অনলাইন ডেস্ক:
ফুটবলের ইতিহাসে এত দীর্ঘমেয়াদী চুক্তি আগে কখনো হয়নি, এমন দাবি নিয়ে ম্যানচেস্টার সিটি ঘোষণা করেছে, তারা নরওয়েজিয়ান ফুটবলার আরলিং হালান্ডের সঙ্গে ১০ বছরের একটি অভূতপূর্ব চুক্তি করেছে। বর্তমানে হালান্ডের সাথে সিটির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩৪ সাল পর্যন্ত সিটির হয়ে খেলবেন।
ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ সূত্রে জানা গেছে, এটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় এবং লোভনীয় চুক্তি হতে পারে। তবে ম্যানচেস্টার সিটি এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির মেয়াদ জানায়নি।
ম্যানচেস্টার সিটির ডিরেক্টর জিকি বেগরিসটেন এই চুক্তির বিষয়ে জানান, “আরলিং নতুন চুক্তিতে স্বাক্ষর করায় আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে তার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং তার ভালোবাসার প্রমাণ পাওয়া গেল। সে এখানে অবিশ্বাস্য প্রভাব ফেলেছে। গোল সংখ্যা এবং রেকর্ড তার নিজের পক্ষে কথা বলে।”
নতুন চুক্তি নিয়ে হালান্ড বলেন, “এটি স্বাক্ষর করতে পেরে আমি অত্যন্ত খুশি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, যার অসাধারণ সমর্থক রয়েছে এবং যা সবার থেকে সেরাটা বের করে আনে।”
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া হালান্ড ১১১ ম্যাচে ১২৬ গোল করেছেন।











