অনলাইন ডেস্ক:
বিপিএলে চলমান আসরে দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন এনামুল হক বিজয়। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বিজয়ের উপর থেকে চাপ কমাতে এবং ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার জন্য টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য পেসার তাসকিন আহমেদের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, “দুর্বার রাজশাহী আপনাদের সবাইকে জানাতে চায় যে, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অধিনায়ক এনামুল হক বিজয়কে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য একটু জায়গা দিতে। এ কারণে আমরা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য আমাদের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের নাম ঘোষণা করছি।”
এছাড়া, দলটি আরও জানিয়েছে, “এনামুল হক বিজয় বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৩২৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। গত রোববার খুলনার বিপক্ষে ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, আবেগাপ্লুত হয়ে পড়েন এনামুল। ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার কেবল ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত, যা তাকে মানসিকভাবে সতেজ রাখতে এবং প্লে-অফে দলের যোগ্যতা অর্জনের লক্ষ্যে আরও বেশি মনোযোগ দিতে সাহায্য করবে।”
তাসকিন আহমেদ এবারের বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। একটি ম্যাচে ৭ উইকেট শিকার করার পর রাজশাহী কর্তৃপক্ষ তাসকিনের নেতৃত্বে আশাবাদী। দলটি জানিয়েছে, “আমরা আন্তরিকভাবে আশা করি যে তাসকিন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই দলকে এগিয়ে নিতে সক্ষম হবেন, যাতে টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জন করা যায়।”











