নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য প্রস্তুত।”
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশের বিনিয়োগ উপযোগী পরিবেশ তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “আমরা সবসময় বলছি, বাংলাদেশ বড় আকারে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে।” তিনি বলেন, “ড. ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে একাধিক সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের নামকরা কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন।”
শফিকুল আলম আরও জানান, “বাংলাদেশে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ড. ইউনূস যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।” তিনি বলেন, “বিপুলসংখ্যক তরুণ জনগণের কারণে বাংলাদেশ একটি শক্তিশালী রফতানি কেন্দ্র হিসেবে উঠতে সক্ষম হয়েছে।”
এদিকে, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইম আজ সকালে (দাভোস সময়) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, ফেসবুক-এর মূল কোম্পানি মেটার গ্লোবাল এ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
ড. ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে তৃতীয় দিন ব্যস্ত সময় পার করছেন। তিনি ২১ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস শহরে পৌঁছান।











