নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নিয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে আপাতত বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) বেগম খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে, তারেক রহমান লন্ডনের ব্রিকলেন মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে আসবে এবং সবকিছু স্বাভাবিক থাকলে তাকে রিলিজ দেয়া হতে পারে। তবে, হাসপাতালে ছাড়পত্র পেলেও সাবেক প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে।
ডা. জাহিদ আরও জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ তার বয়স একটি বিবেচ্য বিষয়। এছাড়া, তার স্বাস্থ্যগত সমস্যাগুলোর মধ্যে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেশার এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো বেশ কিছু রোগ রয়েছে, যার জন্য ওষুধের মাধ্যমে চিকিৎসা চলমান থাকবে।
বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ‘দ্য ক্লিনিক’ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং সেখানে তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবায়দা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা নিয়মিত তাকে দেখাশোনা করতেন।
গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এবং সেদিনই তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।











