জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের মোল্লাকান্দির চরডুমুরিয়ায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে বাড়িতে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে মা-ছেলে আহত হয়েছেন। আহতরা হলেন জিহাদ মীর (১৫) এবং তার মা জরিনা বেগম (৩৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে মা-ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ছেলে জিহাদ গুলিবিদ্ধ হয় এবং একটি গুলি জরিনা বেগমের গালে লেগে বেরিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, গুলি জরিনা বেগমের শরীরে বিদ্ধ না হলেও গাল কেটে বেরিয়ে যাওয়ায় তার মুখে জখম হয়েছে।
এ ঘটনায় গ্রামটির শরীফ মীর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম।
তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।”











