অনলাইন ডেস্ক:
অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবার সৌদি আরবের জাতীয় সংগীত পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন বলে গুঞ্জন উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব তাদের জাতীয় সংগীত নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে এবং এ কাজের জন্য ইতোমধ্যে জিমার সম্মতি জানিয়েছেন।
সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভবিষ্যতের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে জাতীয় সংগীত পুনর্গঠনের উদ্যোগও রয়েছে।”
হ্যান্স জিমার, যিনি অস্কারজয়ী দ্য লায়ন কিং, দ্য ডার্ক নাইট, এবং ডুন-এর মতো সিনেমার সুর করেছেন, এবার সৌদির সংগীত সংস্কারের অংশ হিসেবে কাজ করতে যাচ্ছেন। এর আগে সৌদি আরবের বর্তমান জাতীয় সংগীত আশ আল-মালিক ১৯৪৭ সালে মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব রচনা করেছিলেন।
দুবার অস্কার এবং চারবার গ্র্যামি জয়ী এই সুরকারের যোগদান সৌদি আরবের সংগীত ও সংস্কৃতিকে নতুন রূপ দিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।











