নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২.৬ কোটি ডলার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ১৭২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসেবে, প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৫ কোটি ১০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ডলার।

গত জুন মাসে দেশে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসে, তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যেখানে জুলাইয়ে ১৯১ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

তবে, আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার গঠনের পর রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল হতে শুরু করে এবং ওই মাসে রেমিট্যান্স আসে ২২২ কোটি ১৩ লাখ ডলার। পরবর্তীতে, সেপ্টেম্বরে তা বেড়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার হয়, এবং অক্টোবরে সামান্য হ্রাস পেয়ে আসে ২৩৯ কোটি ৫১ লাখ ডলার।