প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী করা এবং শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়ানোর দিকেও আলোকপাত করা হয়।

 

প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উচ্চপর্যায়ের সফর ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে।

 

অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। তিনি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে নিয়মিত প্রতিনিধিদল বিনিময় এবং অভিজ্ঞতা ভাগাভাগির ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। কূটনৈতিক মহলে এ সাক্ষাৎকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।