সোনার ভরি ছাড়ালো আড়াই লাখ, রুপার দামও বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। এর ধারাবাহিকতায় সোনা ও রুপার নতুন দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি এখন দুই লাখ ৫০ হাজার টাকার বেশি।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) ২২ ক্যারেট সোনার ভরি ছিল দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

 

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেটের ভরি দুই লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি দুই লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে এক লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়।

 

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হবে।

 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় দেশে ঘন ঘন মূল্য সমন্বয় করতে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতার কারণে সোনার দাম ওঠানামা করছে। এর প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় বাজারে।

 

এর আগে গত মাসের শেষ দিকে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। এক ধাপে ভরিতে ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সেই ধারা কিছুটা কমলেও আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হলো নতুন ঘোষণায়।