নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে পূর্বনির্ধারিত ১৯ মে ভোটগ্রহণ আর হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেন। জ্বালানি সংকটের কারণে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির অনুরোধও বিবেচনায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতামত পর্যালোচনা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ মে বার কাউন্সিলের ১৪টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে সাধারণ আসনে ৭ জন এবং আঞ্চলিক আসনে আরও ৭ জন সদস্য নির্বাচিত হওয়ার কথা ছিল।
বার কাউন্সিলের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত ১৪ সদস্যের মধ্য থেকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আর অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিন বছর পরপর অনুষ্ঠিত এই নির্বাচন আইনজীবী সমাজে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। তবে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বার কাউন্সিল।











